কুমিল্লায় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানের চিকিৎসায় কুসিকের সহায়তা

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে গুলিবিদ্ধ হয়ে আহত স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। 

শনিবার রাতে তিনি ইথানের কাঁটাবিলের বাসায় গিয়ে পরিবারের হাতে এক লাখ টাকা তুলে দেন।

এ সময় প্রশাসক টিপু আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি বলেন, ‘কারও ব্যক্তিগত বিরোধে একজন নিরপরাধ স্কুলছাত্র কেন জীবন-মৃত্যুর ঝুঁকিতে পড়বে? আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার চাই।’

তিনি আরও বলেন, গুলিবিদ্ধ শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করতে কুমিল্লা সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

ইথানের বাবা বলেন, ‘আমার একটাই ছেলে। সে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সবাই দোয়া করছেন, খোঁজখবর নিচ্ছেন। দিনের আলোতে এ ঘটনা ঘটেছে। পুলিশ সবার নাম জেনেছে। আমি চাই, জড়িত সবার বিচার হোক।’

গত বৃহস্পতিবার দুপুরে নগরীর কাঁটাবিল এলাকায় একটি মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে হামলা ও গুলির ঘটনা ঘটে। ওই সময় টিফিনের বিরতিতে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয় ইথান আহমেদ প্রেম।

ইথান কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। ঘটনার পর বৃহস্পতিবার রাতে তার বাবা কোতোয়ালি মডেল থানায় মাদক কারবারি সাব্বির ও অপুসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও চিকিৎসকেরা এখনো ইথানের শরীর থেকে গুলি বের করতে পারেননি। তার চিকিৎসা চলছে।