নকআউটের রেকর্ড টিকিটের দামে রোনালদো-মদ্রিচ লড়াই

বিশ্বমঞ্চে তারা শেষবারের মতো মুখোমুখি হচ্ছেন—ফুটবল রোমান্টিকদের জন্য এর চেয়ে বড় আকর্ষণের আর কী-ই বা হতে পারে! রিয়াল মাদ্রিদের সোনালী দিনগুলোতে যারা কাঁধে কাঁধ মিলিয়ে ইউরোপ জয় করেছেন, সেই ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ এবার মুখোমুখি বিশ্বজয়ের মঞ্চে। ‘কে’ গ্রুপে পর্তুগাল রানার্সআপ হওয়ায় আগামী ৩ জুলাই টরন্টো স্টেডিয়ামে শেষ বত্রিশের মহারণে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। দুই কিংবদন্তির এই ‘লাস্ট ড্যান্স’-কে ঘিরে ফুটবল বিশ্বে এমন উন্মাদনা তৈরি হয়েছে যে, সব রেকর্ড ভেঙে ম্যাচটির টিকিটের দামও এখন আকাশ ছুঁয়েছে।

টিকিট ট্র্যাকিং ওয়েবসাইট ‘টিকিটডেটা’র তথ্য অনুযায়ী, শনিবার রাতে কলম্বিয়া-পর্তুগাল ম্যাচটি ড্র হওয়ার পরপরই পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের টিকিটের পুনঃবিক্রি (রিসেল) মূল্য অবিশ্বাস্য হারে বেড়ে গেছে। বর্তমানে এই ম্যাচের সবচেয়ে সস্তা ক্যাটাগরির একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ৩,২২৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকার বেশি)! চলতি বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এর যেকোনো ম্যাচের মধ্যে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ টিকিটের দাম।

স্টাবহাব ও ভিভিড-এর মতো জনপ্রিয় রিসেল প্ল্যাটফর্মগুলোর টিকিট বিক্রির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে জানা গেছে, পর্তুগাল ও কলম্বিয়া ম্যাচের কিক-অফের আগেও টিকিটের দাম যা ছিল, ম্যাচ শেষের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে।

মূলত এবারের বিশ্বকাপে ফিফা কর্তৃক চালুকৃত ‘ডাইনামিক প্রাইসিং’ বা চাহিদা অনুযায়ী দাম পরিবর্তনের পদ্ধতির কারণেই টিকিটের বাজারে এই অস্থিরতা। টরন্টোতে রোনালদো বনাম মদ্রিচের এই মহারণ গ্যালারিতে বসে দেখার জন্য ফুটবলপ্রেমীরা যেকোনো মূল্য দিতে প্রস্তুত, টিকিটের এই রেকর্ড দামই যেন তার সবচেয়ে বড় প্রমাণ।