বাচ্চু এমপির পিএস বরখাস্ত, সতর্ক করল জামায়াত

নড়াইল আসনের সংসদ সদস্য আতাউর রহমানের (বাচ্চু) ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার এক মেয়ের নাম থাকার ঘটনায় এমপির পিএসকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দলীয় সংসদ সদস্যকে সতর্ক করেছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রবিবার জানিয়েছেন, ‘সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের নড়াইল-২ আসনের বিরোধী দলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।’

এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ব্যক্তিগত সহকারীকে বরখাস্ত করেছেন এমপি আতাউর রহমান বাচ্চু। জাতীয় সংসদের প্যাডে এমপির স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে দায়িত্ব পালনে অবহেলার কারণে বরখাস্ত করা হলো। আদেশটি ২৮/০৬/২০২৬ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।’

ঐচ্ছিক তহবিলে মেয়ের নাম আসা প্রসঙ্গে সংসদ সদস্য আতাউর রহমান (বাচ্চু) গণমাধ্যমকে বলেন, আমি তখন নড়াইলে ছিলাম না, আমার পিএস একদিন বলল যে এ বিষয়ে তালিকা দিতে হবে। আমি বলেছিলাম, সব ইউনিয়ন থেকে নিয়ে তালিকা নাও। সে বলল, ‘অফিস থেকে বলেছে, একটা তালিকা যেকোনোভাবে দিয়ে, কয়টা নাম দিয়ে তোমরা এটা (বরাদ্দ) নিয়ে যাও। পরে সেটা এমপি সাহেব যেভাবে চাইবেন, ওভাবে বিতরণ করতে পারবেন।’ তখন আমার স্বাক্ষরিত প্যাড ঢাকায় তার (পিএস)-এর কাছে ছিল। আমি তাকে বলেছিলাম, প্যাডে তুমি একটা তালিকা রেডি করে জমা দিয়ে দাও, তোমার চেনাজানাদের দিয়ে। সেই চেনাজানা জায়গাগুলোয় আমার পরিবার বা এলাকার লোক বেশি ধরে ফেলেছে আরকি। সেটা ধরে সে তালিকা দিয়েছে।’