কক্সবাজারের টেকনাফের কেরুনতলীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (২৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় রবিবার (২৮ জুন) রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ও মাদক পাচার কাজে ব্যবহৃত পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পিকআপ ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।