শিক্ষাই হবে আগামীর বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় শক্তি: মোস্তফা জামান

শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, "শিক্ষাই হবে আগামীর বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় শক্তি। একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাকে একজন আদর্শ, সৎ ও মানবিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।"

রবিবার (২৮ জুন) রাজধানীর তুরাগের কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খুরশিদ জাহান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। প্রযুক্তিনির্ভর এই বিশ্বে নিজেদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করতে হবে। শিক্ষা কখনো কেবল পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা মানুষকে আলোকিত করে, সমাজ ও রাষ্ট্র গঠনের শক্তি জোগায়।

তিনি আরও বলেন, পরীক্ষা জীবনের একটি ধাপ মাত্র। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে তোমরা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করবে। তোমাদের সফলতাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের জন্য গর্বের বিষয় হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ খুরশিদ জাহান বলেন, বিদায় মানেই বিচ্ছেদ নয়, এটি নতুন এক যাত্রার সূচনা। তোমরা যেখানেই থাকো, এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবে। নিয়মিত অধ্যবসায়, সময়ের সঠিক ব্যবহার ও আত্মবিশ্বাসই ভালো ফলাফলের মূল চাবিকাঠি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, পরীক্ষাকে ভয় না পেয়ে পরিকল্পিত প্রস্তুতি নিতে হবে। শিক্ষকদের পরামর্শ মেনে নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করলে অবশ্যই সফলতা অর্জন সম্ভব। আমরা প্রত্যেক শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় তাদের সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানজুড়ে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে একদিকে ছিল প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার আবেগ, অন্যদিকে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের নতুন অধ্যায়ে পা রাখার দৃঢ় প্রত্যয়। শিক্ষক, অভিভাবক ও অতিথিরা পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে তাদের জন্য শুভকামনা জানান।