দুই বছর পর ঢাকায় ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরু করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ফলে প্রায় দুই বছর পর রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ করা শুরু হয়। এতদিন সীমিত আকারে মেডিকেল ভিসা দিয়ে আসলেও স্বাভাবিক ভিসা কার্যক্রম, বিশেষ করে ট্যুরিস্ট ভিসার আবেদন বন্ধ ছিল।

এর আগে অন্তর্বর্তী সরকারের বিদায়ের আগে থেকেই ভারত সরকার বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে হেনস্তার ঘটনায় বাংলাদেশ অসন্তোষ প্রকাশ করেছিল।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে ছিলেন, তখন গত ২৫ জুন ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন, যা অনেকের মধ্যে কৌতূহল তৈরি করেছিল।

বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ভারতের নতুন হাইকমিশনার দায়িত্ব গ্রহণের দিনই ভিসা কার্যক্রম স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশটির আগ্রহ প্রকাশ পেয়েছে এবং এতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধাগুলো দূর করতে আলোচনার পরিবেশ তৈরিতে সহায়ক হবে।