খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম মানিক নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার গল্লামারীর আইডিয়াল নার্সিং হোমের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রফিকুল ইসলাম মানিক (৩৫) নগরীর গল্লামারী এলাকার রোস্তম আলী মাঝির ছেলে।
আহত মানিকের মা জানান, প্রায় ১৫ দিন আগে তার ছেলেকে ভিডিও কলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। আমার ছেলে একজন ব্যবসায়ী। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল বলে জানি না। হঠাৎ করে এ ঘটনা ঘটল।
স্বজনদের ভাষ্য, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার ঢাকা নেওয়ার পরামর্শ দেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি জানান, রফিকুল ইসলাম মানিক পুলিশের তালিকাভুক্ত আসামি। এই হামলার সঙ্গে পূর্বের কোনো বিরোধ, চাঁদা দাবি বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।