বাংলাদেশের কাছাকাছি ভারতের তিন এলাকায় সোমবার (২৯ জুন) ভোরে মৃদু ভূমিকম্প হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব ভূকম্পন অনুভূত হয়।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) জানায়, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।
দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন এবং উৎপত্তিস্থলের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র সাত কিলোমিটার গভীরে।
তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে ভারতের মেঘালয় রাজ্যে। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে রাজ্যের পশ্চিম খাসি পাহাড়ে ২ দশমিক ৯ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।