বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় ইমাম আটক, অতপর বিয়ে

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিধবা এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় মসজিদের ইমাম মো. সেলিম হোসেনকে হাতেনাতে আটক করেছে  স্থানীয় জনতা। এক পর্যায়ে রবিবার (২৮ জুন) গ্রাম্য শালিশ বৈঠকে ১০ লাখ টাকা কাবিনে ওই নারীকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন ইমাম।

এর আগে শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাতী মধ্যপাড়া গ্রামের ওই নারীর ঘর থেকে ইমামকে হাতেনাতে ধরা হয়।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ১২টার দিকে উপজেলার দেড়াগাঁতী মধ্যপাড়া গ্রামের মৃত আল আমিনের বিধবা স্ত্রী মোছা.শানু বেগম (৪৫)  সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় মসজিদের ইমাম মো. সেলিম হোসেন (৫৫) স্থানীয়দের হাতে আটক হন। পরদিন রবিবার (২৮ জুন) সকালে বিষয়টি নিয়ে স্থানীয়রা এক শালিশ বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে জানানো হয়, মো. সেলিম দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছে। তার এমন ঘটনায় তারা বিব্রত। পরে বৈঠকে উপস্থিত স্থানীয়রা সর্ব সম্মতিক্রমে ১০ লাখ টাকা কাবিন ধার্য্য করে তাদের বিয়ে সম্পন্ন করেন। এরপর ইমাম মো. সেলিম তাকে নিজ বাড়িতে নিয়ে যান।

ইমাম মো. সেলিম হোসেন বলেন, গত দেড় মাস ধরে মুঠোফোনে তাদের যোগাযোগ হয়। যোগাযোগের এক পর্যায়ে গত রাতে তিনি ওই বাসায় যান। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে।

বিধবা শানু বেগম বলেন, আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।

এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় কেউ এখনও পর্যন্ত থানায় অভিযোগ করেনি।