সড়কের পাশে ময়লার স্তুপে মিলল যুবকের মরদেহ

নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তুপ থেকে দিগন্ত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত দিগন্ত (২০) শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন এবং পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রবিবার বিকেলে মোবাইলে কারো সঙ্গে কথা বলে বাসা থেকে বের হয়ে পরে আর বাড়ি ফেরেনি দিগন্ত। রাতে খোঁজখোঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে নরসিংদী-মদনপুর সড়কের পাশে খরমর্দী এলাকায় ময়লার স্তুপে একটি মরদেহ পরে আছে শোনে সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে তার স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে অন‍্য কোনো স্থানে হত্যার পর ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে গেছে। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।