আদ-দ্বীন হাসপাতালের রিটের শুনানি আজ

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আজ সোমবার (২৯ জুন) সুপ্রিম কোর্টে এই শুনানি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ।

তিনি জানান, আজ দুপুর ২টায় আলোচিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিন্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি অনুষ্ঠিত হবে। 

গত ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করার পর, গত ১৫ জুন সামরিক ফরমানের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে স্বপ্রণোদিত হয়ে এই রিট আবেদনটি দায়ের করেন তিনি।

এই রিট আবেদনের মূল আইনি ভিত্তি হিসেবে এরশাদ সরকারের আমলের একটি সামরিক অধ্যাদেশকে সামনে আনা হয়েছে। 

এর আগে গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে মাত্র এক থেকে তিন দিন বয়সী ছয়টি নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। সদ্যজাত এই শিশুদের কোনো নাম রাখা না হওয়ায় চিকিৎসকেরা মায়েদের নামের মাধ্যমে তাদের শনাক্ত করছিলেন। এই হৃদয়বিদারক ঘটনার পর হাসপাতালে চরম অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী এক নবজাতকের বাবা হাবিবুর রহমান। এই ঘটনার পর পরই দেশজুড়ে তীব্র সমালোচনা ও আলোড়ন তৈরি হয়।

আজই উচ্চ আদালতে নির্ধারিত হতে যাচ্ছে এই বেসরকারি হাসপাতালের ভাগ্য।