ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি

বিশ্ব বরেণ্য সঙ্গীতাচার্য, সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর হাতে গড়া সঙ্গীত প্রতিষ্ঠান দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সংগীত, আবৃত্তি এবং নৃত্য শিক্ষার্থীসহ শহরের বিশিষ্টজনেরা এতে অংশগ্রহণ করেন।

এসময় দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আহবায়ক সাবেক পিপি অ্যাডভোকেট সফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জামায়তের আমির মোবারক হোসেন আখন্দ, জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির  সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূইয়া খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল,  নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক এইচ এম শামীম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ সহকারী অধ্যাপক রাশেদউল্লাহ ভুঁইয়া, এডভোকেট নাসির প্রমূখ।

বক্তারা বলেন, উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সঙ্গীতের মহাপুরুষ সুসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪৯ শতাংশ জায়গা ক্রয় করেন। সেখানে তিনি সঙ্গীত চর্চার জন্য দি আলাউদ্দিন সংগীতাঙ্গন প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি সরকারি বিভিন্ন সহায়তায় পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি একটি মহল মিথ্যা তথ্য দিয়ে মামলা ও জাল দলিল করে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টা করছে যা অত্যন্ত নিন্দনীয়। 

বক্তারা এমন অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো ভাবেই ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি কাউকে দখলের সুযোগ দেয়া হবে না। যে কোনো মূল্যে ভূমি খেকোদের রুখে দেয়া হবে। 

বক্তারা, ওস্তাদ আলাউদ্দিন খাঁর এই সম্পত্তিকে প্রত্নতত্ব সম্পদ ঘোষণা করে এটিকে রক্ষার দাবি জানান। মানববন্ধন থেকে সঙ্গীতাঙ্গনের জমি রক্ষায় আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। 

এছাড়াও গত ২৭  তারিখ শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে এক জরুরি মিটিং আহবান করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ভূমি রক্ষা কমিটি।