মধুর ক্যান্টিন থেকে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:

  • গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ‘অদম্য জুলাই’ শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন
  • রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ ও সাময়িকী প্রকাশ
  • রাজধানীতে “শিশুদের চোখে জুলাই জাগরণ” শীর্ষক প্রদর্শনীর আয়োজন
  • ‘জুলাই জাগরণ’ ডকুফিল্ম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আয়োজন
  • সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন
  • সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন
  • জুলাইয়ের স্মৃতি বলা, স্মৃতিলিখন, বক্তব্য, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
  • নিজ নিজ জেলায় শহীদদের নামে পাঠাগার প্রতিষ্ঠা
  • ‘জুলাই শহীদ স্মৃতি’ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন
  • শহীদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে “লাল জুলাই” শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন
  • শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময়
  • জুলাই গ্রাফিতি অঙ্কন
  • ‘Echoes of July’ শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন পরিচালনা।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, জুলাইয়ের আত্মত্যাগ, চেতনা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সংগঠনের সকল বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা শাখাকে ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।