খুঁটিতে বেঁধে রাখা তিনটি ছাগল উধাও, গ্রেপ্তার ৩

নেত্রকোনার পূর্বধলায় ছাগল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

এর আগে রবিবার (২৮ জুন) রাতে নেত্রকোনার সদর উপজেলার ছেঙ্গারমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি ছাগল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নেত্রকোনা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের রাজন মিয়া (৩০), পশ্চিম উলুহাটি গ্রামের সুজন মিয়া (৩৫) এবং মঈনপুর গ্রামের রবিন মিয়া (২১)।

পুলিশ জানায়, গতকাল রবিবার সকালে পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন বাড়ির সামনে সড়কের পাশে ঘাস খাওয়ানোর জন্য তার পালিত তিনটি ছাগল খুঁটিতে বেঁধে রাখেন। প্রায় তিন ঘণ্টা পর সেখানে গিয়ে ছাগলগুলো দেখতে না পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার ছেঙ্গারমোড় এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ছাগল চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।