ভেনেজুয়েলায় ভূমিকম্প

চার দিন পর বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় ভূমিকম্পের চারদিন পর একটি ধ্বংসস্তূপ থেকে বাবা ও ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের একটি এলাকায় ওই অভিযান চালায় ফরাসি ও মার্কিন উদ্ধারকারী দল।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা নিশ্চিত করেছেন, স্থানীয় সময় রবিবার কারাবালেদা এলাকা থেকে এক কিশোর ও তার বাবাকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ আছেন।

প্রাকৃতিক দুর্যোগের পর আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা বা গোল্ডেন উইন্ডো ইতোমধ্যে পার হয়ে গেছে। এরপরও অলৌকিকভাবে বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে। 

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ইতোমধ্যে ১ হাজার ৪৫০ পার হয়ে গেছে। স্থানীয় সময় গত বুধবার দুটি শক্তিশালী ভূমিকম্পে কারাবালেদা এলাকায় ধসে গেছে অন্তত ২০০টি ভবন। সেখান থেকে এখনও জীবিতদের উদ্ধার করায় উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। 

রবিবার রদ্রিগেজ বলেন, ‘আজকেও আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ উদ্ধার করতে পেরেছি। তাই এই উদ্ধার অভিযান এখনই স্থগিত করা হবে না।’ 

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে প্রায় ৭৭৪টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

উদ্ধার অভিযান পুরোদমে চললেও দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত বন্দর নগরী লা গুয়াইরাতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবারের বিপর্যয়ের পর এই শহরের একটি বড় অংশ এখন পুরোপুরি ধ্বংসস্তূপ।