পাটুরিয়া ফেরিঘাটে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি পিকআপ, চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চক্রটির আরও দুই থেকে তিন সদস্য পালিয়ে যায়।

সোমবার (২৯ জুন) বিকেলে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন— যশোরের আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)। তাদের মধ্যে কয়েকজন বর্তমানে গাজীপুর, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে শিবালয় উপজেলার ধুতরাবাড়ী এলাকার পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে অভিযান চালানো হয়। সেখানে একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পিকআপটি থামিয়ে তল্লাশির চেষ্টা করলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় পিকআপটি পুলিশের মাইক্রোবাসসহ সড়কে থাকা কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। পরে ফেরিতে ওঠার চেষ্টা করলে পন্টুনের ওপর গাড়িটি আটকে যায়। এ সময় পিকআপে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হওয়ার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের চালকের আসনের নিচ থেকে চারটি রামদা, দুটি কাটার, একটি হাসুয়া এবং পিকআপটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে দুটি এবং এরশাদুল, হামিদুল বিশ্বাস ও আবুল কালামের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।