চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বেলা (বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি)-এর উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠী ও বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের একটি রিসোর্টে এ সভার আয়োজন করা হয়।
বেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মুনিরা পারভীন রুবার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ। মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক আশিকুর রহমান সমি।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সম্প্রসারণের যে উদ্যোগ নিয়েছে, তাকে তারা স্বাগত জানান। তবে মহাসড়কের পাশের বন ও অভয়ারণ্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। কারণ বন ও পরিবেশ রক্ষা না হলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে না এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে। উন্নয়নের জন্য সড়ক প্রয়োজন, তবে তা কোনো অবস্থাতেই বন ও পরিবেশের ক্ষতির বিনিময়ে হওয়া উচিত নয়।
বক্তারা আরও বলেন, পাহাড় কেটে যেভাবে চুনতি অভয়ারণ্যের ক্ষতি করা হচ্ছে, তাতে বন্য হাতি ও মানুষের মধ্যে সংঘাত বাড়ছে। বন ধ্বংসের কারণে খাদ্যসংকটে হাতিরা লোকালয়ে চলে আসছে। চুনতি অভয়ারণ্যে অবৈধ বসতি উচ্ছেদ না করলে বনাঞ্চল রক্ষা করা সম্ভব হবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন— লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বনসংরক্ষক রাশিক আহসান, বন কর্মকর্তা নূরজাহান, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা মো. শহীদুল আলম, বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরী, মো. জাহেদ চৌধুরী, ফৌজুল কবির, খোকন চৌধুরী, এস এম আবু সাইদ টিটু, মো. আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, আব্দুল্লাহ আল নোমান, নুরুল ইসলাম সিকদার, নুরুল আলম, মো. জাহাঙ্গীর, বেলার কর্মকর্তা মো. ফয়সাল, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সাংবাদিক এম এম আহমদ মনির, পুষ্পেন চৌধুরী, সাত্তার সিকদার, তুষার কায়সার, রায়হান সিকদার, খোকন সুশীল, মিনহাজ উদ্দীন, শিক্ষক মো. নাসির উদ্দিন, মো. রাশেদ, রূপেন চৌধুরী, মাহবুবুর রহমান প্রমুখ।