গোবিন্দগঞ্জে স্ত্রীকে হত্যা করে পালানোর চেষ্টা, স্বামী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে পালানোর সময় ঘাতক স্বামী বিরাজ আলীকে (৫৫) গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলালি বেগম (৪০) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে এবং গোসাইপুর গ্রামের বিরাজ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারীক কারণে বিরাজ আলীর সঙ্গে দুলালি বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ রাত ৮টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিরাজ আলী ছুরি দিয়ে দুলালির বুকসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করে গুরুতর জখম করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় তার মৃত্যু হয়। এ সময় বিরাজ আলী অবস্থা বেগতিক দোখে পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ জনগণ তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হবে। সোমবার রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।