৬ ফুট ৬ ইঞ্চির এক আকাশছোঁয়া শরীর। ফুটবল মাঠে প্রথম দেখায় যে কেউ তাকে গোলপোস্টের নিচে দাঁড় করিয়ে দিতে চাইবে। কিন্তু প্যারাগুয়ের সান লরেঞ্জো শহরে জন্ম নেওয়া ছেলেটির স্বপ্ন ছিল অন্যরকম। সে গোল ঠেকাতে নয়, গোল করতে চেয়েছিল। ক্যারিয়ারের শুরুতে অরলান্দো হিল হতে চেয়েছিলেন একজন স্ট্রাইকার। কিন্তু বিধাতা হয়তো তার জন্য অন্য এক মহাকাব্য লিখে রেখেছিলেন।
ছোটবেলায় এক কোচ তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, “হয় গোলরক্ষক হও, নয়তো সাইড বেঞ্চে বসে থাকো।” বাধ্য হয়েই গ্লাভস জোড়া হাতে তুলে নিয়েছিলেন অরলান্দো। আর আজ সেই বাধ্য হয়ে বেছে নেওয়া গ্লাভস জোড়া দিয়েই তিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এক রূপকথা লিখলেন; যে রূপকথার বলি হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
চেনা নামের অচেনা এক নায়ক
প্যারাগুয়ের সান লরেঞ্জো শহরে জন্ম, ফুটবল ক্যারিয়ারের শুরু নিজ শহরের ক্লাব সান লরেঞ্জোতে, আর বর্তমানে খেলেন আর্জেন্টিনার শীর্ষ লীগের ক্লাব 'সান লরেঞ্জো ডি আলমাগ্রো'-তে। জন্মস্থান, শুরুর ক্লাব আর বর্তমান ক্লাবের নামের এই অদ্ভুত মিলের বাইরে ২৬ বছর বয়সী এই গোলরক্ষককে নিয়ে ক্রিকেট-ফুটবলের এই যুগে কজনই বা মাতামাতি করত?
এমনকি আন্তর্জাতিক ফুটবলেও তিনি একেবারে নতুন। মাত্র এক বছর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে প্যারাগুয়ের জার্সিতে অভিষেক। চলতি ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ৪ গোল হজম করে সাবেক কিংবদন্তি গোলরক্ষক চিল্যভার্টের তীব্র সমালোচনার শিকার হতে হয়েছিল তাকে। চিল্যভার্ট তাকে মাঠে 'বোবা' বলে কটূক্তি করেছিলেন। কিন্তু কোচ গুস্তাভো আলফারো তার ওপর ভরসা হারাননি। আর সেই ভরসার প্রতিদান অরলান্দো দিলেন ফক্সবোরোর মাঠে, জার্মানির মতো পরাশক্তির বিপক্ষে।
'হরর মুভি'র রাত এবং অরলান্দোর প্রতিরোধ
ম্যাচ শেষে অরলান্দো নিজেই বলেছিলেন, “ম্যাচটা একটা হরর মুভির মতো ছিল। জার্মানরা মাঠের সব জায়গা থেকে আচমকা হাজির হচ্ছিল।” পুরো ম্যাচে জার্মানির বল পজিশন আর আক্রমণের ঝড়ে প্যারাগুয়ের রক্ষণভাগ যখন খড়কুটোর মতো উড়ছিল, তখন গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে যান অরলান্দো।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটে জার্মানির ২১টি শটের বিপরীতে একের পর এক চোখধাঁধানো সেভ করেন তিনি। কাই হাভার্টজের দুর্দান্ত সব আক্রমণ রুখে দেওয়া থেকে শুরু করে অতিরিক্ত সময়ে অ্যান্টন ওয়াল্ডেম্যানের পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জের শট ঠেকানো—অরলান্দো যেন প্রতিবারই জার্মান স্ট্রাইকারদের বলছিলেন, ‘আজ নয়!’
“টাইব্রেকারে যেখানে উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন ৫টি বিশ্বকাপ খেলা জার্মান কিংবদন্তি ম্যানুয়েল নয়্যার, সেখানে মাত্র ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অরলান্দো হিল স্নায়ুর লড়াইয়ে হারিয়ে দিলেন তার নিজেরই একসময়ের আদর্শকে।”
টাইব্রেকারের সেই জাদুকরী মুহূর্ত
১২০ মিনিটের লড়াই ১-১ সমতায় শেষ হওয়ার পর যখন টাইব্রেকারের ভাগ্যপরীক্ষা শুরু হলো, তখন অরলান্দো যেন একাই কাঁধে তুলে নিলেন পুরো প্যারাগুয়ের স্বপ্ন। পেনাল্টি শুটআউটে জার্মানির কাই হাভার্টজ এবং নিক ভোল্টেম্যাডের শট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে স্তব্ধ করে দেন তিনি। শেষ মুহূর্তে জোনাথন টাহ-এর শট লক্ষ্যভ্রষ্ট হলে ৪-৩ ব্যবধানে টাইব্রেকার জিতে শেষ ১৬-র টিকিট নিশ্চিত করে প্যারাগুয়ে। বিশ্বকাপের ইতিহাসে জার্মানিকে প্রথমবার টাইব্রেকারে হারানোর অবিশ্বাস্য কীর্তি গড়ে ইতিহাস ওলটপালট করে দেয় লা আলবিরোহা ।
ম্যাচ জয়ের পর যখন পুরো প্যারাগুয়ে উৎসবে ভাসছে, তখন অরলান্দোর মন পড়ে ছিল দেশের এক হাসপাতালের বেডে। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে এই ঐতিহাসিক জয় উৎসর্গ করেন প্যারাগুয়ের সাড়ে ৬৫ মিলিয়ন মানুষের পাশাপাশি তার অসুস্থ ভাগ্নেকে:
“আলেহান্দ্রো, এই জয় তোমার জন্য। আমি আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তোমার গডফাদার দূর থেকে সবসময় তোমার পাশে আছে।”
যে ছেলেটি ছোটবেলায় স্ট্রাইকার হয়ে প্রতিপক্ষের গোলপোস্ট কাঁপাতে চেয়েছিল, আজ সে-ই গোলপোস্টের নিচে দাঁড়িয়ে প্রতিপক্ষের স্ট্রাইকারদের জন্য হয়ে উঠল এক জীবন্ত দুঃস্বপ্ন। অরলান্দো হিল প্রমাণ করলেন, ফুটবলের নায়করা সবসময় গোল করেন না; কখনো কখনো গ্লাভস পরে গোল ঠেকিয়েও ইতিহাসের পাতায় অমর হয়ে যাওয়া যায়।