হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরুর আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এ মামলায় ফজলে করিম চৌধুরীসহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন পাঁচজন। বাকিরা সবাই পলাতক। আগামী ৬ আগস্ট শুরু হবে সাক্ষ্যগ্রহণ।

গতকাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে আসামিপক্ষ। টানা তিন কার্যদিবসে অব্যাহতি চেয়ে শুনানি করেন তারা।

এর আগে, ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। ৭ এপ্রিল তিন অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। আর ২২ জুন মামলার প্রাথমিক দায় বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন।