মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও একটি জীবিত রাসেল ভাইপার উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোরে উপজেলার হারুকান্দি এলাকায় মাছ ধরার জালে সাপটি ধরা পড়ে।
জানা গেছে, উপজেলার আন্ধারমানিক এলাকার জেলে সুজন সোমবার রাতে পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। মঙ্গলবার ভোরে জাল তুলতে গিয়ে তিনি একটি জীবিত রাসেল ভাইপার দেখতে পান। আতঙ্কিত না হয়ে সাপটিকে না মেরে একটি নেটের মধ্যে নিরাপদে সংরক্ষণ করেন এবং পরে আন্ধারমানিক খেয়াঘাটে নিয়ে আসেন।
জেলে সুজন বলেন, সাপটি না মেরে ধরে এনেছি। দেশের গবেষণা বা সংরক্ষণ কাজে লাগতে পারে কিনা এই চিন্তা থেকেই এটিকে জীবিত রেখেছি।
রাসেল ভাইপার উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক মানুষ খেয়াঘাটে ভিড় করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়।
স্থানীয় পরিবেশকর্মী আবিদ হাসান জানান, প্রায় দুই বছর আগে পদ্মা নদীর এই চরাঞ্চলে একাধিকবার রাসেল ভাইপারের দেখা মিলেছিল। সে সময় জেলেদের জাল ও নদীতীরবর্তী এলাকায় সাপটি ধরা পড়ার পাশাপাশি সাপের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটে। দীর্ঘ বিরতির পর আবার জীবিত রাসেল ভাইপার উদ্ধার হওয়ায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে নতুন করে সতর্কতা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সাপটি জীবিত থাকায় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিরাপদ সংরক্ষণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।