শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ আটক ১

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অভিযান চালিয়ে ১১৬৫ পিস ইয়াবাসহ সিদ্দিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটককৃত সিদ্দিক ওই এলাকার কাদির বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের দাবি।

শিবচর পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার একটি দল সিদ্দিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙিনায় মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে সিদ্দিক এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি মাদক ব্যবসা থেকে সরে আসেননি। মঙ্গলবার তার বাড়িতে ইয়াবার একটি চালান এসেছে এমন তথ্য পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক এবং ইয়াবাগুলো উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ‘ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি অনেক দিন ধরেই মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে আইনি বিষয় প্রক্রিয়াধীন।