বার্সেলোনা ছেড়ে মেসিদের লিগে পোলিশ গোলমেশিন

ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে এবার লিওনেল মেসির লিগ এমএলএসে যোগ দিলেন পোলিশ গোলমেশিন রবার্ট লেভানডভস্কি। বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব শিকাগো ফায়ার এফসি -তে নাম লিখিয়েছেন।

২৯ জুন, ২০২৬-এ ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি নিশ্চিত করা হয়। ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার  ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত ক্লাবটির সাথে যুক্ত থাকবেন।

ক্যারিয়ারে এই প্রথম ইউরোপের বাইরে কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন লেভানডভস্কি। বার্সেলোনা ছাড়ার পর এফসি পোর্তো কিংবা সৌদি প্রো লিগের গুঞ্জন থাকলেও তিনি বেছে নিয়েছেন মার্কিন মুলুককেই। যুক্তরাষ্ট্রের মধ্যে শিকাগো মেট্রোপলিটন এলাকাতেই সবচেয়ে বড় পোলিশ কমিউনিটি বা প্রবাসী পোলিশদের বসবাস। ফলে ঘরের মাঠের দর্শকদের কাছ থেকে লুই দারুণ সমর্থন পাবেন বলে আশা করা হচ্ছে। শিকাগোতে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক কোচ গ্রেগ বারহাল্টারের অধীনে এবং পর্তুগিজ তারকা লিওনার্দো বারোসো ও আন্দ্রে ফ্রাঙ্কোর সাথে মাঠ মাতাবেন।এমএলএস-এর ইস্টার্ন কনফারেন্সে শিকাগো ফায়ার বর্তমানে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তারা লিগ লিডার ন্যাশভিলের চেয়ে ৭ পয়েন্ট এবং মেসির ইন্টার মায়ামির চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে আছে।

লেচ পোজনান, বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার হয়ে খেলা লেভানডভস্কি আধুনিক ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ৭০০-এরও বেশি গোল এবং ৩৩টি ট্রফি:

লিগ শিরোপা: ১০ বার বুন্দেসলিগা (ডর্টমুন্ড ও বায়ার্নের হয়ে) এবং ৩ বার লা লিগা (বার্সেলোনার হয়ে) চ্যাম্পিয়ন।
ইউরোপীয় ও বৈশ্বিক সাফল্য: বায়ার্ন মিউনিখের হয়ে ২০২০ সালে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ।
ব্যক্তিগত স্বীকৃতি: ২ বার জিতেছেন 'দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার' (২০২০, ২০২১) অ্যাওয়ার্ড। ৮ বার ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (গোল্ডেন বুট) পেয়েছেন।পোল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ ১৬৭ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ৮৯টি গোল করেছেন।