‘জামায়াত-শিবিরের মেরুদণ্ডটা আবার ভেঙে দেন’

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

পলাতক সাবেক স্বৈরাচার শেখ হাসিনার গণহত্যার অন্যতম সহযোগী হিসেবে জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে উপস্থাপিত প্রমাণগুলোর মধ্যে সবচেয়ে অকাট্য ও গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল গণঅভ্যুত্থানের সময় তাঁর ও শেখ হাসিনার ফাঁস হওয়া একটি দীর্ঘ ফোনালাপ। 

যেখানে তাকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে পলাতক ও দণ্ডিত আসামী শেখ হাসিনাকে পরামর্শ দিতে শোনা গেছে।

ট্রাইব্যুনালের শুনানিতে প্রমাণিত হয় যে, তৎকালীন ক্ষমতাসীন ১৪-দলীয় জোটের অন্যতম প্রধান শরিক নেতা হিসেবে হাসানুল হক ইনু নিয়মিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং আন্দোলন দমনে নানামুখী নৃশংস ও বেআইনি পরামর্শ দিতেন। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাদের সেই চাঞ্চল্যকর ফোনালাপটি হুবহু নিচে তুলে ধরা হলো:

হাসানুল হক ইনু: হ্যালো, জি জি স্লামালাইকুম।

শেখ হাসিনা: হ্যাঁ, ওয়ালাইকুমস্লাম, কী হইছে?

হাসানুল হক ইনু: ইনু বলছিলাম... না একটা কথা... আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আরকি। খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং...

শেখ হাসিনা: না রামপুরা ক্লিয়ার, শনির আখড়ায় একটু ঝামেলা এখন আছে...

হাসানুল হক ইনু: শনির আখড়ায় কিছু মোল্লারাই...

শেখ হাসিনা: হ্যাঁ জানি, না, খালি মোল্লা না ওইখানে অনেক মাদরাসা।

হাসানুল হক ইনু: মাদরাসা আছে ওই...

শেখ হাসিনা: ... ব্যবস্থা নেওয়া হচ্ছে... মাইকিং করতে হচ্ছে আরকি... নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না, আর্মিকে আমরা... নামাচ্ছি।
হাসানুল হক ইনু: ও আচ্ছা...

শেখ হাসিনা: না আমি বলছি ক্যাজুয়াল্টির দরকার নাই। ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিকাছে, আকাশ থেকে নামবে, তখন দুই পাশ দিয়ে ধরবে... মেসেজটা দিয়ে দিতে পারেন যে...সেনা পাঠানো হচ্ছে... আর হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে... র‍্যাবের হেলিকপ্টার দিয়ে ওপর দিয়ে মারবে।

হাসানুল হক ইনু: আচ্ছা ওপর দিয়ে সাউন্ড বোম যাবে আরকি, ঠিকাছে... আমি একটায়েন্ট আপনাকে একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে, কারফিউ ধরেন দুই-পাঁচদিন যা চলল, চলল। কিন্তু কারফিউয়ের পর যেন আর মিছিল না নামতে পারে সেজন্য একটা হোমওয়ার্ক করা দরকার। যেরকম আমি উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়ীতে যারা মিছিল লিড করছে সেইগুলা চিহ্নিত আরকি... ছাত্রদল, বিএনপির ছেলে-মেয়ে, ছেলেরা, শিবিরের... মানে ধরেন রিজভীকে এরেস্ট করা বা রুহুলকে এরেস্ট করা ইম্পর্টেন্ট না, স্পটে হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে। আমি কুষ্টিয়া জেলাতে এসপিকে সেভাবে অলরেডি তালিকা করে ফেলতে বলছি। ওখানে কোনো সংঘর্ষ হয়নি। একটা ছররা গুলিতে খালি একজনের পায়ে লাগছে, উনি ম্যানেজ করছেন। উনি অলরেডি কম্পিউটারে ছবি দেখে দেখে ছেলেগুলার তালিকা করতেছেন। তা আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভেতরে পিকআপ করে নাও।
শেখ হাসিনা: হ্যাঁ শিওর।

হাসানুল হক ইনু: যেন মিছিলটা লিড না করতে পারে। তা আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই তালিকা করতে পারবে যে উত্তরায় কারা।

শেখ হাসিনা: ... খালি গোয়েন্দারটা না, লোকাল লিডারদেরও করা উচিত।

হাসানুল হক ইনু: লোকাল লিডার ওইখানে এমপি খসরু ও হাসান হাবিব আছে। আমার কালকের যে রিপোর্ট হাসান হাবিব কিন্তু রাগ করে খসরুর ওপর ছেড়ে দিছে যে এমপি সাহেব মোকাবিলা করুক.....

শেখ হাসিনা: খসরু তো পারবে না, খসরু তো লোকাল না, হাসান তো লোকাল, ওদেরতো লোকজন আছে।

হাসানুল হক ইনু:লোকাল না তো। রাইট, হাসান হাবিব নামেনি। আর এখানে ওয়াকিলও সামলাইতে পারেনি, ও দুই লাইনে পা দিয়ে চলে। তো আমার কথা হচ্ছে যে একটু লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকের রাত্রের ভেতরে সব কাস্টডিতে নিতে পারেন তাহলে কোনো জায়গায়... আর মোহাম্মদপুরে একটা পাঁয়তারা ছিল। কালকে আপনি রাত বারোটায় গিয়ে খুব ভালো করছেন। আজ কিন্তু গণভবন ঘেরাও করতো। কিন্তু মোহাম্মদপুরে ওইখান থেকে রেডি হচ্ছিল কালকে, মানে এইটা, সুতরাং...

শেখ হাসিনা: হ্যাঁ এইটা কয়েকদিন ধরে করতেছে।

হাসানুল হক ইনু: ডিসিশনটা খুবই কারেক্ট হইছে মাননীয় প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা: থ্যাংকিউ, থ্যাংকিউ... আমরা হলাম রণক্ষেত্রের সাথী।

হাসানুল হক ইনু: রণক্ষেত্রের সাথী। তা আপনি একটু দয়া করে...এই পিকআপটা করতে বলেন...

শেখ হাসিনা: না এইটা বলা আছে, বলতেছি, বলতেছি।

হাসানুল হক ইনু:ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে এরেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সবই এরেস্ট করে ফেললে আর মিছিল করার লোক থাকবে না।

শেখ হাসিনা: লিসেন, দাঁড়ান, দাঁড়ান। এরেস্ট করে....

হাসানুল হক ইনু: আরেকটা রিকোয়েস্ট আমার যে ইন্টারনেট আমার মনে হয় চালু করতে পারেন, এটা আমাদেরই কাজে লাগবে।
শেখ হাসিনা: ভাই কি যে চালু করবো সবতো পোড়াই দিছে। ডাটা সেন্টারও পোড়ায় দিছে। এখন ওই নতুন তারতুর কিনে জোড়া লাগাতে হবে।

হাসানুল হক ইনু: ...আমি যে কথাটা বলার চেষ্টা... আমি একাত্তরে রাত আটটার সময় যাবো একা কথা বলবো। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীর কোনো বিরোধ নাই। সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি-জামায়াতের।

শেখ হাসিনা: না ওইটা তো বলা হয়েছে। ওইটা আমি নিজেও বলছি...

হাসানুল হক ইনু: ... এই জিনিসটা প্রোপাগান্ডায় আনতে হবে যদি ইন্টারনেট থাকে, গণমাধ্যম দিয়ে আমরা পুরা নিউজ ফ্লাড করে দিলাম...
শেখ হাসিনা: ইন্টারনেট পাবো কোথায়? ইন্টারনেট পোড়ায় দিছে। জীবনে... আমি তো আর আনবো না, যদি অন্য সরকার আসে তাহলে আনবে... আমি দিছি ইন্টারনেট, ওরা পোড়াইতে থাকুক, ওইটা চলতে হবে...

হাসানুল হক ইনু: অন্য সরকার, বাংলাদেশে ইনশাআল্লাহ অন্য সরকার আসবে না।

শেখ হাসিনা: আসুক, না আমি আর পারবো না... যাচ্ছি এখন

হাসানুল হক ইনু: না না... যাওয়া দরকার নাই

শেখ হাসিনা: জামায়াত শায়েস্তা করে রেখে যেতে হবে

হাসানুল হক ইনু:....

শেখ হাসিনা: ... আপনার যেখানে যেখানে... লোক আছে তালিকাগুলো আপনারা করান, আমরাও করাচ্ছি।

হাসানুল হক ইনু: ...আপনি এই... জামায়াত-শিবিরের মেরুদণ্ডটা আবার ভেঙে দেন ঢাকা শহরে।

শেখ হাসিনা: একেবারে...

হাসানুল হক ইনু: ...এক্সপোজ হইছে আরকি, একটু দেখেন, আর আমি বাদবাকি আমাকে যেটা বলবেন আমি ইনশাআল্লাহ করবো, কোনো অসুবিধা নাই।

শেখ হাসিনা: না ওই তালিকাগুলো একটু করায় ফালান...এই ইস্যুতে যা পারেন, শিবির যে কয়টা আছে, যা আছে সব বের করেন...
হাসানুল হক ইনু: বুঝছি আমি বুঝছি। জি স্লামুয়ালাইকুম

শেখ হাসিনা: ঠিকাছে আচ্ছা।

হাসানুল হক ইনু: জি স্লামুয়ালাইকুম

শেখ হাসিনা: থ্যাংকিউ, থ্যাংকিউ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে আনা ৮টি অভিযোগের মধ্যে এই ফোনালাপ এবং স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগগুলো পুরোপুরি আমলে নিয়ে আজ এই কারাদণ্ডের রায় ঘোষণা করেন।