মেঘনায় বিকল লঞ্চের ১২০ যাত্রীকে উদ্ধার করলো নৌ পুলিশ

নৌপথে আরও একবার অত্যন্ত পেশাদারিত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো নৌ পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে ১২০ জন যাত্রী নিয়ে ‘সমতা অ্যান্ড সমৃদ্ধি’ নামক একটি যাত্রীবাহী লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চ ঘাটের নিকটবর্তী এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে লঞ্চটির প্রপেলার শ্যাফটের (Propeller Shaft) নাট ভেঙে যায়।

এর ফলে তীব্র যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লঞ্চটি মাঝ নদীতেই বিকল হয়ে পড়ে। মাঝনদীতে এমন আকস্মিক বিপদে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা রক্ষার্থে চালক গজারিয়া লঞ্চ ঘাটের সামনে মেঘনা নদীতে লঞ্চটি নোঙর করতে বাধ্য হন।

​মাঝনদীতে শতাধিক যাত্রীসহ লঞ্চ বিকল হওয়ার খবর পাওয়া মাত্রই গজারিয়া নৌ পুলিশ ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নৌ পুলিশের টিম তাৎক্ষণিকভাবে আতঙ্কিত যাত্রীদের আশ্বস্ত করে এবং ‘সমতা অ্যান্ড সমৃদ্ধি’ লঞ্চে আটকে পড়া সকল যাত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে।

​অনতিবিলম্বে নৌ পুলিশের বিশেষ উদ্যোগে ও ব্যবস্থাপনায় ‘এম এল হাসান’ নামক অপর একটি যাত্রীবাহী লঞ্চের ব্যবস্থা করা হয়। বিকল লঞ্চের ১২০ জন যাত্রীকে অত্যন্ত সুশৃঙ্খল ও নিরাপদে ‘এম এল হাসান’ লঞ্চে স্থানান্তর করা হয় এবং তাদের নিরাপদ গন্তব্যস্থল চাঁদপুরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। নৌ পুলিশের এই তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং যাত্রীদের যেকোনো বিপদে তাৎক্ষণিক সহযোগিতায় নৌ পুলিশ সদা প্রস্তুত ও অঙ্গীকারাবদ্ধ।