ফরিদপুরে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রামবাসী মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন । এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

সংঘর্ষের ঘটনা সময় প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে যান চলাচল স্বাভাবিক হয়।

‎স্থানীয়ভাবে এবং পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে হাসামদিয়া ও সদরদি গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে বাগবিতণ্ডার জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যার পর ভাঙ্গা পৌরসভার সামনে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্ধকারে প্রতিপক্ষের ছোড়া গুলিতে সুমন (২০) নামে এক যুবক মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বগত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্ বলে ঘোষণা করেন। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুরিয়া সদরদি এলাকার মিলন বাবুর্চির ছেলে। সাথে থাকা নিহতের চাচাতো ভাই সুমনের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত  করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সংঘর্ষ শুরু হলে রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল আবার শুরু হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদরদি ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত সাড়ে নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে ঘটনাস্থলে ফোর্সসহ অবস্থান করছেন তিনি।