অস্ট্রেলিয়া সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) ফি বর্তমানে নির্ধারণ করেছে ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার (যা পূর্বে ছিল ২ হাজার ডলার)। গত কয়েক বছরে অভিবাসন চাপ কমাতে ও শিক্ষার মান নিয়ন্ত্রণে দেশটি কয়েক ধাপে ভিসা ফি বাড়িয়েছে। আজ বুধবার (১ জুলাই) থেকেই এই নতুন ফি কার্যকর হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্টদের মতে, এতে করে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার খরচ আরও বাড়বে। কারণ নতুন ফি অনুযায়ী শুধু ভিসা ফি বাবদ প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা ব্যয় হতে পারে।
অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রধান ভিসা। এই ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা পূর্ণকালীন কোর্সে তালিকাভুক্ত হয়ে অস্ট্রেলিয়ায় থাকার এবং পড়াশোনা করার সুযোগ পান। সাধারণত কোর্স শেষ হওয়া পর্যন্ত (সর্বোচ্চ ৫ বছর) এই ভিসার মেয়াদ থাকে।