ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৯-০৬-২০২৬ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব হাফিজ আহমেদ মজুমদার। সভায় স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামাল, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, পর্যবেক্ষক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. আজিমুদ্দীন বিশ্বাস, এনডিসি, বহিঃনিরীক্ষক, এসইসি, ডিএসই ও সিএসইর প্রতিনিধি, ইন্ডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।

সভায় ২০২৫ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন এবং ওই বছরের জন্য প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

বার্ষিক সাধারণ সভার সমাপনী বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান বলেন, 'আমরা অত্যন্ত গর্বিত যে, ডেল্টা লাইফ সততা ও মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ব্যবসা করে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে লভ্যাংশ দিয়ে আসছে। বীমা কোম্পানিতে দাবি পরিশোধই মূল বিষয়, যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট শতভাগ পারফরম্যান্স প্রত্যাশা করে। সে ক্ষেত্রে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সমাজে স্বীকৃতি অর্জন করতে সমর্থ হয়েছে। এ কারণেই কোম্পানিটি আজ সুপ্রতিষ্ঠিত হতে পেরেছে। সততার সঙ্গে ব্যবসা করে একটি কোম্পানিকে যে উন্নত করা যায়, ডেল্টা লাইফ তার অন্যতম প্রকৃষ্ট উদাহরণ। এই সফলতার জন্য কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানাই। তারা নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে এই অর্জন সম্ভব করেছেন। বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতেও চলতি বছরে প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সত্যিই প্রশংসার দাবি রাখে।'