ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই ভারতীয় ক্রিকেটে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ১৫ বছর বয়সী তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে ভারত কিছুটা ব্যাকফুটে থাকায় এই বিস্ময় বালকের আন্তর্জাতিক অভিষেকের দাবি তীব্র হয়েছে। তবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে বৈভবকে নিয়ে তৈরি হওয়া এই তুমুল উন্মাদনা বা 'হাইপ'কে পাত্তাই দিলেন না ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আয়ার। তিনি স্পষ্ট করে দিয়েছেন, অভিষেকের জন্য এই তরুণকে এখনও অপেক্ষা করতে হতে পারে।
চেস্টার-লি-স্ট্রিটে আজ বুধবার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল, চারপাশে যে ‘বৈভব বৈভব’ রব উঠেছে, তা সামলানো কোচ ও অধিনায়কের জন্য কতটা কঠিন হচ্ছে?
জবাবে শ্রেয়াস আয়ার বেশ কড়াভাবেই বলেন, "আমি এমন কোনো কিছুই দেখছি না। সত্যি বলতে, আমি জানি না। আমি খবরও পড়ি না, আর সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামে কী চলছে তাও অনুসরণ করি না। তাই আমি এসব কিছুই শুনিনি।"
আজকের ম্যাচে বৈভবের অভিষেক হচ্ছে কি না, তা কৌশলগত কারণেই গোপন রেখেছেন ভারতীয় অধিনায়ক। দলের কম্বিনেশন নিয়ে তিনি বলেন, "আমরা কী করব, এটা বলা সম্ভব নয়। কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমার হাত বাঁধা। কারণ বিষয়টা গোপনীয়। এগুলো আমরা শুধু দলের মধ্যেই আলোচনা করি। আমরা কোন ১১ জনকে নিয়ে খেলব, সেটা সকলকে জানানো যায় না। প্রতিপক্ষকে আগাম আভাস দেওয়া সম্ভব নয়। এটুকু বলব, নিঃসন্দেহে বৈভব অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। যখনই সুযোগ পাবে, দারুণ পারফর্ম করবে।’’
দলের বর্তমান সিনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে শ্রেয়াস আরও যোগ করেন, "দলের প্রত্যেকেই পারফর্ম করেছে, শুধু কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি নয়। আমাদের দলের প্রতিটি খেলোয়াড়ের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং সুযোগ দিতে হবে। যারা ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে, তারা এই ফরম্যাটটা খুব ভালো বোঝে। তাই তাদের সমর্থন করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তবে বৈভবের প্রতিভা নিয়ে প্রশংসাও শোনা গেছে অধিনায়কের কণ্ঠে। তিনি বলেন, "নিশ্চিতভাবেই ও (বৈভব) একজন দারুণ প্রতিভাবান ক্রিকেটার। ও যখনই সুযোগ পাবে, নিশ্চিতভাবেই নিজের সেরাটা ঢেলে দেবে।"
আয়ারল্যান্ড সফরের ধাক্কা সামলে ইংল্যান্ডের মাটিতে আজ ভারতীয় দল বৈভবের তারুণ্য নাকি সিনিয়রদের অভিজ্ঞতার ওপর ভরসা করে মাঠে নামে, সেটাই এখন দেখার বিষয়।