দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজ। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসেই ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল।
ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়ে চূড়ান্ত ঘোষণা না দিলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক এক পদক্ষেপ সিরিজটি মাঠে গড়ানোর জোরালো ইঙ্গিত দিচ্ছে। ভারতের বেশ কিছু নামী ব্রডকাস্টারদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ২০২৬ এবং ২০২৭ সালের হোম সিরিজের ডিজিটাল ও টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে বিসিবি, যেখানে সবার ওপরে রয়েছে ভারত সিরিজের নাম।
বিসিবির আগ্রহ প্রকাশের নথিতে আগামী দুই বছরের ৪টি গুরুত্বপূর্ণ সিরিজের কথা উল্লেখ করা হয়েছে:
ভারত দলের বাংলাদেশ সফর ২০২৬: ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ।
ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফর ২০২৬: ২টি টেস্ট ম্যাচ।
ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর ২০২৭: ২টি টেস্ট ম্যাচ।
পাকিস্তান দলের বাংলাদেশ সফর ২০২৭: ৫টি ওয়ানডে ম্যাচ।
মূলত গত বছর (২০২৫ সালে) এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পটপরিবর্তনের কারণে তা স্থগিত হয়ে যায়। এরপর বাংলাদেশে সরকার এবং বিসিবির প্রশাসনে বড় পরিবর্তন আসে।
তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় বোর্ডের নমনীয় মনোভাব এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার একটি মন্তব্য বরফ গলার ইঙ্গিত দেয়। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, বিসিবিতে কারা দায়িত্বে আছেন তা নিয়ে ভারতের কোনো উদ্বেগ নেই; তারা সম্পূর্ণভাবে ভারত সরকারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
আগস্ট মাসে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অতিরিক্ত ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অনুরোধ বিসিসিআই ফিরিয়ে দেওয়ায় সেপ্টেম্বরের এই উইন্ডোটি এখন ফাঁকা রয়েছে। আর এই সুযোগটিকেই কাজে লাগাতে চাচ্ছে বিসিবি।