রূপগঞ্জে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলার কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলমকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নারায়ণগঞ্জ জেলাধীন কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করে নির্দেশিত হয়ে বহিষ্কার করা হলো।

স্থানীয় সূত্র জানায়, কুহিনুর আলম দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কাঞ্চন পৌর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দিয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে জেলা বিএনপি সূত্র জানায়, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।