প্রতিবেশির বাড়িতে ঝালমুড়ি কিনতে গিয়ে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমান রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লুৎফর রহমান ওরফে মেম্বার (৫৫) উপজেলার জোনা গ্রামের আজাহার বিশ্বাসের ছেলে।
এঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঝালমুড়ি বিক্রেতা প্রতিবেশি লুৎফরের বাড়িতে ঝালমুড়ি কিনতে গেলে ধর্ষণের শিকার হয় শিশুটি। এরপর শিশুটি বাড়িতে গেলে তার শরীরের ব্যথা অনুভব করে। পরে তার মা জানতে চাইলে ঘটনা জানাজানি হয়। পরে প্রথমে শিশুটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্না বলেন, শিশুকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে গাইনী ওয়ার্ডে ভর্তি রয়েছে। তবে সে সুস্থ রয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।