ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক ডাকাতি মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা গ্রামের আউশ মিয়ার ছেলে আশিক মিয়া (৩৫) এবং একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাগর আলীর ছেলে মো. ফয়সাল মিয়া (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফারুক মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আশিক মিয়াকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা নাশকতার মামলার আসামি ফয়সাল মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, আশিক মিয়া একাধিক ডাকাতি মামলার আসামি। অন্যদিকে ফয়সাল মিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ডাকাতির প্রস্তুতিকালে আশিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক ডাকাতি মামলার আসামি। এছাড়া ফয়সাল মিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।