বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জাপানের শীর্ষ বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিসুৎই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিদেশি বিনিয়োগের পরিবেশ, ব্যবসাবান্ধব সংস্কার, মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া, ডিজিটাল ব্যাংকিং, আধুনিক পেমেন্ট অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রচলিত আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনভিত্তিক আর্থিক উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা এবং স্থিতিশীলতা বজায় রেখে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে গভর্নর বলেন, বাংলাদেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক ও সহায়ক ভূমিকা পালন করে যাবে। প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার প্রসার এবং উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, মিৎসুই অ্যান্ড কোং-এর যেকোনো গঠনমূলক উদ্যোগ প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথভাবে বিবেচনা করা হবে।
প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ এবং বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা ভবিষ্যতে প্রযুক্তি, ডিজিটাল পেমেন্ট, আর্থিক অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য সম্ভাব্য খাতে সহযোগিতার সুযোগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আগ্রহের কথা জানান।
সভায় উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়।