যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ের বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে। বুধবার সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি-আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়্যা।
সূত্রগুলোর দাবি, আলোচনায় প্রতিটি অগ্রগতির ওপর ভিত্তি করে ৩ বিলিয়ন ডলার ছাড়ার শর্ত দিয়েছে ইরান। একই সঙ্গে ওমানের নতুন প্রস্তাবের ভিত্তিতে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে। আলোচনার এ পর্ব শেষে উভয় দেশের প্রতিনিধিদল নিজ নিজ দেশে ফিরে বিষয়গুলো পর্যালোচনা করবে।
বুধবার দিনের শুরুতেই দুই দেশের কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা শুরু হয়। এতে কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানি প্রতিনিধিদল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে এবং মার্কিন প্রতিনিধিদল কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালায়।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, দোহার বৈঠকের মূল লক্ষ্য ছিল তেহরান-ওয়াশিংটনের অন্তর্বর্তী সমঝোতা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত ইরানি প্রতিনিধিদল কাতারের প্রধানমন্ত্রী এবং ইরান-কাতার-পাকিস্তানের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেয়।
রয়টার্সকে দেওয়া এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত থেকেই দোহায় পরোক্ষ আলোচনা চলছে। সেখানে মূলত ইরানের জব্দকৃত অর্থ ছাড় এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে।
অন্যদিকে, এএফপিকে এক কূটনৈতিক সূত্র জানায়, দোহার আলোচনা সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে এগোচ্ছে এবং সুইজারল্যান্ডের লেক লুসার্ন সম্মেলনে হওয়া অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখেই এই আলোচনা পরিচালিত হচ্ছে।