কিউআর লেনদেনে সর্বনিম্ন হার ১ শতাংশ নির্ধারণ: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে ডিজিটাল লেনদেন আরও সুশৃঙ্খল ও টেকসই করতে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এর আওতায় বাংলা কিউআর ব্যবস্থায় মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা লেনদেন ফি-এর সর্বনিম্ন হার ১ শতাংশ (ভ্যাটসহ) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বুধবার (১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংক। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোর কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ জারি করা পিএসডি সার্কুলার নং-২-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ওই সার্কুলারের মাধ্যমে এনপিএসবি ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর এবং ই-কমার্স লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগের সার্কুলারের সব ফি, চার্জ ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। তবে এনপিএসবির আওতায় শুধুমাত্র বাংলা কিউআর পরিশোধ ব্যবস্থার মাধ্যমে ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর আদায় করতে পারবে।

তবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও উৎসাহিত করার লক্ষ্যে কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান চাইলে নির্দিষ্ট সময়ের জন্য প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই সিদ্ধান্তের ফলে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ফি কাঠামোয় আরও স্বচ্ছতা আসবে এবং ব্যাংক, এমএফএস ও অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে অভিন্ন নীতিমালা নিশ্চিত হবে। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের বিস্তারেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।