গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের নেতা শমি মানিক মিয়া (৪০) নামে এক পিকআপ চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পরে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ভর্তি করানো হলেও, পরে মারা যাওয়ার পর নিহতের পরিবার দাবি করেছে, স্থানীয় এক যুবদল নেতা তাকে পিটিয়ে হত্যা করেছে।

স্থানীয় সূত্র জানায়, নিহত মানিক মিয়া গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে। তিনি গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি ছিলেন। পেশায় তিনি ‘মানিক পালকি’ নামে একটি পিকআপ গাড়ির চালক ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক মানিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনদের কাছে শুনেছি, মানিক মিয়াকে পিটিয়ে আহত করা হয়েছে। তবে কী কারণে ভর্তি কাগজে সড়ক দুর্ঘটনা উল্লেখ করা হয়েছে তা বোধগম্য নয়।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে মানিক গৌরীপুর বাসস্ট্যান্ডে বসে ছিলেন। এ সময় ১০–১৫ জন সন্ত্রাসী তাকে ধরে নিয়ে যায়। তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাসস্ট্যান্ড থেকে সতীশা রোড এলাকায় নিয়ে মানিক মিয়ার স্ত্রী সেলিনাকে ডেকে এনে আহত অবস্থায় তাকে দিয়ে চলে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত সাড়ে ৩টার দিকে মানিক মারা যান।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, নিহতের মা ও ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।