পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে পিরোজপুরে বৃক্ষরোপণ ও ফলদ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে জেলা পরিষদের উদ্যোগে পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠি বৈশাখী ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান কবির মুন্না এবং সাধারণ সম্পাদক মাহাদী শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তারকাঠি বৈশাখী ক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ক্লাবের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয় এবং ক্লাব প্রাঙ্গণে কয়েকটি গাছ রোপণ করা হয়।