নেটফ্লিক্সের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘এনোলা হোমস ৩’-এর শুটিং করতে গিয়ে এবার এক ভিন্নধর্মী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন। তবে এটি কোনো রহস্যজট খোলার বিষয় নয়, তার প্রধান লড়াই ছিল মাল্টার তীব্র গরমের সঙ্গে।
সম্প্রতি এক পডকাস্টে ২২ বছর বয়সী এই অভিনেত্রী জানান, দ্বাদশ শতাব্দীর ভারী পোশাক পরে মাল্টার তীব্র গরমে শুটিং করা ছিল ভীষণ কষ্টকর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্রু ও সহশিল্পীদের সুস্থ রাখতে এয়ার কন্ডিশন টেন্ট এবং ফ্যানের ব্যবস্থা করার জন্য তাকে প্রযোজনা সংস্থার সঙ্গে জরুরি আলোচনা করতে হয়েছিল। তীব্র রোদে মনোযোগ ধরে রাখাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল।
লন্ডনের বাইরে মাল্টায় শুটিং এবং সিনেমার বিয়ের থিম নিয়ে মিলি দারুণ উচ্ছ্বসিত ছিলেন, কারণ বাস্তবেও তিনি সদ্য বিবাহিত। হেনরি ক্যাভিল ও লুই পার্ট্রিজ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘এনোলা হোমস ৩’ আজ ১ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে।