নির্মাতা মো. রবিউল সিকদার পরিচালনা করেছেন নতুন নাটক ‘তবু মনে রেখো’। মাতিয়া বানু শুকুর রচনা ও চিত্রনাট্যে নির্মিত এই নাটকটি আজ রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।
পারিবারিক আবহের এই নাটকে পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ এবং তার শাশুড়ির ভূমিকায় দেখা যাবে বরেণ্য অভিনেত্রী ডলি জহুরকে। উত্তরার বিভিন্ন লোকেশনে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এর অন্যান্য চরিত্রে আরও আছেন মাসুম বাশার ও শাহেদ আলী। ক্যামেরায় ছিলেন জুয়েল আহমেদ।
নাটকটি প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘দীর্ঘদিন পর রবির পরিচালনায় কাজ করলাম। এটি আমাদের চিরচেনা জীবন-সংসারের গল্প। নির্মাতা বেশ যতœ নিয়ে নাটকটি তৈরি করেছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
অভিনেত্রী মৌ বলেন, ‘নাটকে দেখা যাবে একটি পরিবারে সন্তানরা যখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই মা অসুস্থ হয়ে পড়েন। মায়ের প্রতি বাবার নিঃস্বার্থ ভালোবাসা ও সেবা দেখে সন্তানরা নিজেদের ভুল বুঝতে পারে। এটি একটি শিক্ষণীয় নাটক; এমন গল্পের কাজ আরও হওয়া উচিত।’