স্পাইডার-ম্যানের সঙ্গে নিউ ইয়র্কের আকাশে উড়লেন মেসি!

ফুটবল মাঠে তিনি নিজেই ‘সুপারহিরো’, যার পায়ের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। তবে এবার সবুজ গালিচা ছেড়ে মার্ভেলের দুনিয়ায় পা রাখলেন লিওনেল মেসি। আর সেখানে তিনি কোনো সাধারণ ভূমিকায় নন, একেবারে ‘স্পাইডার-ম্যান’-এর একনিষ্ঠ ভক্ত বা ‘সুপার ফ্যান’ হিসেবে হাজির হয়ে চমকে দিয়েছেন সবাইকে।

আগামী ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। ডেস্টিন ড্যানিয়েল ক্রেকটন পরিচালিত এই সিনেমার প্রচারণায় মঙ্গলবার (৩০ জুন) সোনি পিকচার্স এন্টারটেইনমেন্ট একটি বিশেষ প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে। আর সেখানেই দেখা গেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি এবং স্পাইডার-ম্যান খ্যাত অভিনেতা টম হল্যান্ডের সেই অবিশ্বাস্য যুগলবন্দি।

ভিডিওর শুরুতেই দেখা যায়, নিউ ইয়র্কের একটি ছিমছাম ক্যাফেতে বসে ফোনে কারও সঙ্গে জরুরি কোনো পরিকল্পনা নিয়ে আলাপ করছেন পিটার পার্কার (টম হল্যান্ড)। ঠিক তখনই ক্যাফেতে প্রবেশ করেন মেসি। নিজের চোখের সামনে এই ফুটবল কিংবদন্তিকে দেখে পিটার এতটাই অবাক হন যে, ফোনের অপর প্রান্তের মানুষকে মুখের ওপর বলে বসেন, ‘চুপ করো!’

বিস্ময় কাটিয়ে উঠতে না পেরে পিটার জিজ্ঞেস করেন, ‘আপনি কি মেসি?’ পাশ থেকে ক্যাফে মালিক অবশ্য বেশ নির্লিপ্তভাবেই পিটারের কথায় সায় দেন। এদিকে স্প্যানিশভাষী মেসি কিছুটা বিভ্রান্ত হয়ে নিজের স্মার্টফোনটি দেখান, যেখানে তিনি আসলে ম্যাপ ধরে খুঁজছিলেন তার নিজের আইডল ‘স্পাইডার-ম্যান’কে!

ভক্তের মন রক্ষা করতে পিটার পার্কের সামান্য সময় চেয়ে ক্যাফে থেকে বেরিয়ে যান এবং মুহূর্তের মধ্যেই স্পাইডার-ম্যানের স্যুট পরে হাজির হন মেসির সামনে। এরপর মেসিকে জিজ্ঞেস করেন, ‘উঁচু জায়গায় তোমার ভয় নেই তো?’ মেসি কিছু বুঝে ওঠার আগেই তাকে নিয়ে নিউ ইয়র্কের এক বহুতল ভবন থেকে অন্য ভবনে জাল বেয়ে ঝুলতে শুরু করেন স্পাইডার-ম্যান। মাঠের জাদুকরকেও তখন দেখা যায় আকাশের বুকে এক চিলতে বাঁধভাঙা আনন্দ উপভোগ করতে।

সোনি পিকচার্স ইন্টারন্যাশনালের এই চতুর্থ কিস্তিতে টম হল্যান্ডের পাশাপাশি থাকছেন তার স্ত্রী জেনডায়া (এমজে চরিত্রে)। এ ছাড়া এই পর্বে মার্ভেল ভক্তদের জন্য বড় চমক হিসেবে থাকছেন ‘দ্য পানিশার’ চরিত্রে জন বার্নথাল এবং ‘হাল্ক’ চরিত্রে মার্ক রাফালো। তবে সিনেমা মুক্তির ঠিক আগ মুহূর্তে লিওনেল মেসিকে দিয়ে এমন দুর্দান্ত এক প্রমোশন বিশ্বজুড়ে সিনেমা ও ফুটবল ভক্তদের মাঝে এক অন্যরকম উন্মাদনা তৈরি করেছে।