সবাই চায় মেসি গোল করুক
শিরোপা উঁচিয়ে ধরুক : শুভ
সংগীতশিল্পী কাজী শুভ আর্জেন্টিনার ফুটবলের ভক্ত। বাঁধন সরকার পূজার পছন্দ ব্রাজিল। দুই শিল্পী এসেছিলেন দেশ রূপান্তর কার্যালয়ে। বিশ্বকাপে তাদের পছন্দের দল নিয়ে প্রত্যাশার কথা এবং এই জুটি বলেছেন তাদের নতুন গান নিয়েও। সাক্ষাৎকার নিয়েছেন তারেক আনন্দ
বিশ্বকাপ কতটা উপভোগ করছেন?
কাজী শুভ : আমার কাছে বেশ ভালোই লাগছে। কাজের কারণে, সময়ের একটু ব্যস্ততা থাকলেও নিজের প্রিয় দলের খেলা দেখার চেষ্টা করি সবসময়। যেখানে যে সময়েই খেলা হোক না কেন, চোখ রাখার চেষ্টা থাকে। এবারের বিশ্বকাপের প্রায় সব খেলাই কমবেশি দেখা হচ্ছে।
পূজা : আমি ভীষণ উপভোগ করছি। ছোটবেলা থেকে যখনই ফুটবল খেলাটা একটু বুঝতে শিখেছি, তখন থেকেই বিশ্বকাপ মানেই আমার কাছে অন্যরকম এক উন্মাদনা। এবার তো উত্তেজনা আরও বেশি মনে হচ্ছে। এখন ডিজিটাল যুগের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও এর জোরালো প্রভাব স্পষ্ট। ফেসবুকে ঢুকলেই বোঝা যায় টানটান উত্তেজনা কাজ করছে সবার মনে। বিশ্বকাপের অসিলায় অনেক দিন যোগাযোগ না হওয়া মানুষদের সঙ্গেও আবার নতুন করে সংযোগ তৈরি হচ্ছে, আড্ডা হচ্ছে। সব মিলিয়ে দারুণ এক মেলবন্ধন। তবে আমি মনে করি, এই পুরো বিষয়টিকে আমাদের বিনোদন বা ‘ফান’ হিসেবেই নেওয়া উচিত।
নিজেদের পছন্দের দল নিয়ে এবার প্রত্যাশা কেমন?
কাজী শুভ : আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমার প্রত্যাশা আকাশচুম্বী। আমি মনে-প্রাণে বিশ্বাস করি যে, এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে।
পূজা : আমি তো মনে-প্রাণে বিশ্বাস করি যে, এবার ব্রাজিলই ট্রফি জিতবে। ট্রফি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
শিরোপা পেলে কেমন খুশি হবেন, আর যদি না জিতে?
কাজী শুভ : না জিতলে আসলে ওভাবে কষ্ট পাওয়ার কিছু নেই। তবে লিওনেল মেসির জন্য ভীষণ খারাপ লাগবে। পুরো দলটাই খেলছে মেসির জন্য। সবাই চায় মেসি গোল করুক এবং ট্রফিটা উঁচিয়ে ধরুক। সম্ভবত এটিই তার শেষ বিশ্বকাপ, তাই এবারও আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।
পূজা : যেহেতু ব্রাজিলকে মন থেকে সাপোর্ট করি, তাই তারা না জিতলে খারাপ তো লাগবেই। তবে দিন শেষে খেলায় হার-জিত থাকবেই, এটা মেনে নিতে হবে। আর ব্রাজিলের ওপর এবার ট্রল বা সমালোচনা একটু বেশিই হচ্ছে। আমি মনে করি, চলার পথে যেখানে বাধা বেশি আসে, সেখানে জেতার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে। ব্রাজিলকে নিয়ে যত ট্রলই হোক না কেন, দলটির প্রতি আমার ভালোবাসা সবসময় একই থাকবে। হারুক কিংবা জিতুক, আমি ব্রাজিলের সঙ্গেই আছি।
কঠিন প্রতিপক্ষ কাদের মনে হচ্ছে?
কাজী শুভ : এবারের আসরে ফ্রান্সকে আমার কাছে বেশ কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছে। তবে এবার আসলে কোনো ছোট দলকেও ফেলে দেওয়া যাচ্ছে না। যেকোনো সময় অঘটন ঘটে যেতে পারে, যা আমরা দেখছি। স্পেন খুব দারুণ ফুটবল খেলছে।
পূজা : কঠিন প্রতিপক্ষ তো বেশ কয়েকটি দলই। তবে আর্জেন্টিনার সঙ্গে যদি সামনে আমাদের খেলা পড়ে, বিশেষ করে সেমিফাইনালে যাওয়ার পথটা বেশ জমজমাট হতে পারে। ইংল্যান্ডও শক্ত প্রতিপক্ষ। ব্রাজিল ঠিকই তাদের বাধা পেরিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ব্রাজিলের ম্যাচ নিয়ে আমার কোনো বাড়তি টেনশন কাজ করে না, আমি জানি ব্রাজিলই জিতবে।
এবার গানে ফিরি। দুজনের অনেক জনপ্রিয় গান আছে। সংখ্যায় সেটা কত হলো? শিগগির আপনাদের নতুন কোনো গানে পাওয়া যাবে?
কাজী শুভ : আমাদের জুটির গানের সংখ্যা অনেক, আনুমানিক ১৫টির মতো হবে। এর মধ্যে ‘এত কাছে’, ‘রোদেলা আকাশ’ এবং ‘সাত জনম’ গানগুলো থেকে আমরা সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। নতুন কাজের খবর হলো, ধ্রুব মিউজিক স্টেশন থেকে আমার একটি একক অ্যালবাম আসছে। সেখানে আটটি গানের মধ্যে একটি মাত্র দ্বৈত গান রয়েছে, যা আমি আর পূজা গেয়েছি। এ ছাড়া প্রথমবারের মতো আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য আমরা দুজনে একটি নতুন গান করেছি, যা শিগগিরই প্রকাশ পাবে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
পূজা : শুভ ভাইয়ের সঙ্গে কাজগুলোর পাশাপাশি আমার বেশ কিছু নাটক ও সিনেমার গানও তৈরি হয়ে আছে, যেগুলো এখন পাইপলাইনে আছে এবং পর্যায়ক্রমে মুক্তি পাবে। এখন তো শ্রোতা-দর্শকদের বড় অংশ ইউটিউব নিয়ে ব্যস্ত, আমিও আমার চ্যানেলে নিয়মিত হওয়ার চেষ্টা করছি। গত বছর শুভ ভাইয়ের সঙ্গে আমার চ্যানেলে একটা গান রিলিজ হয়েছিল। এখন থেকে নিয়মিত নিজের চ্যানেলে নতুন গান উপহার দেওয়ার পরিকল্পনা আছে।