প্রতারণার মামলায় এএসপি প্রিন্স কারাগারে       

বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. সোহেল উদ্দিন প্রিন্সকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা বুধবার  (১ জুলাই) আসামি প্রিন্সের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৪ সালের ১৯ আগস্ট বাদী সঙ্গে আপোষ করার শর্তে জামিন নেন কিন্তু এখন পর্যন্ত মামলার বিষয় কোনো আপোষ মীমাংসা না করায়  প্রিন্সের জামিন বাতিল করা হয়। গত ৯ জুন একই আদালত সোহেলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অপরাধে অভিযোগ গঠন করেন।

৩০ জুন মামলার বাদী সহকারি কর কমিশনার মোসা. তানজিনা সাথী সোহেলের জামিন বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। ২০২২ সালের ২৩ নভেম্বর সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন তানজিনা সাথী।

অভিযোগে বলা হয়, ২০১৭ সালে বাদী ও সোহেলউদ্দিন প্রিন্স ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সোহেলউদ্দিন বাদীকে বিয়ের প্রতিশ্রুতি দেন। বাদী ও তার পরিবারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে সোহেলউদ্দিন বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন। পরে বাদীকে অভিযুক্ত সোহেলউদ্দিন আর বিয়ে করেননি। আর টাকাও ফেরত দেননি।

সোহেলউদ্দিনের বর্তমান স্ত্রীর করা যৌতুকের একটি মামলা বিচারাধীন রয়েছে।