এক মঞ্চে পারফর্ম করবে আট ব্যান্ড

অনেকদিন পর দেশের আটটি জনপ্রিয় ব্যান্ডদল পারফর্ম করবে এক মঞ্চে। আটটি ব্যান্ডের সরাসরি পারফরম্যান্স নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হতে যাচ্ছে কনসার্ট ‘ওভারলোড ফেস্টিভ্যাল’। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে এই কনসার্টে গান শোনাবে ব্যান্ডদল অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট। 

এই কনসার্ট দিয়ে নতুন লাইনআপ নিয়ে প্রথমবার পারফরম্যান্স করবে অর্থহীন ও আর্টসেল। বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছে, এবারের উৎসবের অন্যতম আকর্ষণ নতুন লাইনআপে অর্থহীনের মঞ্চে ফেরা। একই সঙ্গে প্রথমবারের মত ‘আর্টসেল’ এর নতুন ট্যুরিং ভোকালকে নিয়ে ব্যান্ডটির পরিবেশনা দেখার সুযোগ পাবেন দর্শকরা। এছাড়া ক্রিপ্টিক ফেইটও এই কনসার্টের মাধ্যমে দীর্ঘদিন পর মঞ্চে ফিরছে। 

১০ জুলাই দুপুর ২টায় ভেন্যুর গেট খুলে দেওয়া হবে এবং অনুষ্ঠান শুরু হবে দুপুর আড়াইটায়। রাত ৮টায় অনুষ্ঠানস্থলের প্রধান প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে এবং কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টের টিকেট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। ‘গেট সেট রক’ প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে টিকেট। আয়োজকরা বলেছেন, ‘ওভারলোড ফেস্টিভাল ২০২৬’ কনসার্ট থেকে দর্শকরা লাইভ রক ও মেটাল সংগীতের এক ‘সুন্দর সময়ের’ সাক্ষী হবেন।