আবারও কমল এলপিজির দাম

এলপিজির দাম আবারও কমেছে। এবার প্রতি কেজিতে কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমেছে ৩৫৭ টাকা। এর আগে গত মাসে কমেছিল ৫৫ টাকা। এখন নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। 

বৃহস্পতিবার (২ জুলাই) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুন এলপিজির মূল্য সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে, জুলাই মাসের জন্য অটোগ্যাসের দামও কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত জুন মাসে অটোগ্যাসের মূল্য সমন্বয়ের সময় প্রতি লিটারে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে মূসকসহ দাম ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিশ্ববাজারে এলপিজির দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি।