ভারতের বেঙ্গালুরুর পাথর খনিতে শিলা ধসে নিহত ৭

ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি পাথর খনিতে বিশাল শিলা ধসে অন্তত সাত শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মাদাপাট্টানা গ্রামে অবস্থিত একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, কাবেরী কোম্পানির মালিকানাধীন ওই পাথর খনিতে খননকাজ চলছিল। খনির ওপরে এক্সকাভেটর দিয়ে মাটি ও পাথর সরানোর সময় হঠাৎ একটি বিশাল শিলা আলগা হয়ে নিচে কাজ করা শ্রমিকদের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন চাপা পড়েন।
 
দুর্ঘটনার পরপরই পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও সাত শ্রমিকের মৃত্যু হয়। আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা এক শ্রমিক বার্তা সংস্থা পিটিআইকে জানান, দুর্ঘটনার সময় খনিতে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ৪০ ফুট উঁচু থেকে বিশাল পাথরটি নিচে পড়ে শ্রমিকদের চাপা দেয়।

উদ্ধার অভিযানে জ্যেষ্ঠ প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত থেকে তদারকি করেন। কী কারণে শিলাটি ধসে পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত ও আহত শ্রমিকদের বেশিরভাগই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে প্রশাসন কাজ করছে।

দুর্ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার বলেন, বেঙ্গালুরুর মাগাদি রোড এলাকার একটি পাথর খনিতে অত্যন্ত দুঃখজনক এ ঘটনা ঘটেছে। তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তার ভাষ্য, মাটির ক্ষয়ের কারণে শিলাটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে খনিটি নিরাপত্তা বিধি মেনে পরিচালিত হচ্ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

তিনি আরও বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে রাজ্যজুড়ে পাথর খনি পরিচালনার জন্য নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।