জার্মানির হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ২

জার্মানির উত্তরাঞ্চলের লুডভিগসলুস্ট শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টে একজন আহত হয়েছেন। আগুন লাগার পর হাসপাতাল থেকে বহু রোগী ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সূত্র অনুযায়ী  নিহত দুজনই হাসপাতালের রোগী ছিলেন। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে হাসপাতালটির ছাদের অংশে আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

স্থানীয় সম্প্রচারমাধ্যম এনডিআরের খবরে বলা হয়েছে, প্রথমে এক রোগীর কক্ষে আগুন লাগে। পরে তা ছড়িয়ে হাসপাতালের রেডিওলজি বিভাগের ছাদে পৌঁছে যায়। তবে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে আঞ্চলিক প্রশাসনের এক মুখপাত্র জানান, হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষেই একজন রোগীর মৃত্যু হয়। পাশের কক্ষে থাকা আরেক রোগীও আগুনে প্রাণ হারান।

আগুন লাগার পর হাসপাতালটির বহু রোগী ও কর্মীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। হাসপাতালটির শয্যাসংখ্যা ১৬০।

এদিকে অগ্নিকাণ্ডের কারণে হাসপাতালসংলগ্ন এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় বলে জানিয়েছে পুলিশ।

শুরুতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে খবর এলেও পরে কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে যাদের চিকিৎসা পরীক্ষা করা হয়েছিল, তাদের অধিকাংশই নিরাপদ ছিলেন। শেষ পর্যন্ত ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লুডভিগসলুস্ট শহরটি জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় মেকলেনবুর্গ-ফরপোমার্ন অঙ্গরাজ্যে অবস্থিত। প্রায় ১৬০ শয্যার এই হাসপাতালটিই শহরের একমাত্র হাসপাতাল।