চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের শিকার মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

মৃত আনোয়ার হোসেন (৩২) নড়াইল সদরের বাঁচগ্রামের কাওছার উদ্দিন মোল্যার ছেলে।

মৃতের বড় ভাই মো. নবীর হোসেন বলেন, তার ভাই মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। গত ২৪ জুন সকাল ৯টার দিকে আনোয়ার বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন ২৫ জুন সকালে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে আমরা জানতে পারি। হাসপাতালে গিয়ে আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই।

নবীর হোসেন অভিযোগ, তার ভাইকে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নড়াইল সদর উপজেলার গোবরা মালো বাড়া এলাকার প্রসেনজিৎ বিশ্বাস, প সৌরভ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, আকাশ বিশ্বাস ও হৃদয় বিশ্বাসসহ বেশ কয়েকজন তার ভাইকে নির্যাতন করে বলে অভিযোগ করেন। অভিযুক্তদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা করেছেন বলে জানান তিনি।

এজাহারে অভিযোগে বলা হয়, গোবরা মালোপাড়া এলাকার প্রসেনজিৎ, সৌরভ, অপূর্ব, আকাশ, হৃদয়সহ কয়েকজন আনোয়ারকে চোর অপবাদ দিয়ে ধরে নিয়ে যান। পরে তাকে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে সারা রাত মারধর করা হয়। একপর্যায়ে প্রসেনজিৎ আনোয়ারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। অন্যরা লোহার রড দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও ফুলে যায়।

এ ঘটনায় পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

অভিযুক্ত প্রসেনজিৎয়ের মা জানান, প্রতিবন্ধী আনোয়ার ভ্যানের কাছে গিয়ে শিকল ধরে টানাটানি করছিল । ছেলেটি চোর বলে ডাক দিলে স্থানীয় অনেক লোক ছুটে আসে। কে বা কারা মেরেছে সেটি তিনি জানেন না।

নড়াইল সদর থানার পুলিশ কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, এ ঘটনায় আগেই একটি মামলা হয়েছে। মামলাটি এখন হত্যার ধারায় যুক্ত হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।