তারকার লালকার্ডের কষ্ট ভোলাতে সমর্থকদের ১০ লাখ ডলারের ফ্রি পিৎজা

ফুটবল মাঠে নিজের দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে ভক্তদের মাথায় আকাশ ভেঙে পড়াই স্বাভাবিক। তবে যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকদের সেই দুঃখ কিছুটা কমাতেই যেন অভিনব এক অফার নিয়ে হাজির হলো পিৎজা জায়ান্ট ডমিনোজ। মাঠে মার্কিন ফুটবলার লাল কার্ড পাওয়ায় ফুটবলপ্রেমীদের বিনামূল্যে মোট ১০ লাখ (১ মিলিয়ন) ডলার সমমূল্যের 'ইমার্জেন্সি পিৎজা' দিচ্ছে বিশ্বখ্যাত এই চেইন শপটি।

ফিফা বিশ্বকাপে বৃহস্পতিবার বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ঘটে এক নাটকীয় ঘটনা। যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগান চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটি করে দলকে এগিয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

আর তাঁর এই লাল কার্ড পাওয়ার সঙ্গেই সক্রিয় হয়ে যায় ডমিনোজের সেই বিশেষ অফার, যা তারা টুর্নামেন্ট শুরুর মাসখানেক আগে ঘোষণা করেছিল।

গত ১৮ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডমিনোজ এই বিশেষ প্রচারণার ঘোষণা দেয়। ফুটবল বিশ্বের অন্যতম বড় এই আসরকে কেন্দ্র করে তারা জানিয়েছিল, টুর্নামেন্ট চলাকালীন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোনো খেলোয়াড় যদি লাল কার্ড পান, তবে ভক্তদের দুঃখ বা ‘আঘাত কিছুটা উপশম করতে’ কোম্পানিটি ১০ লাখ ডলার মূল্যের ফ্রি পিজা বিতরণ করবে।

ডমিনোজের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার কেট ট্রাম্বুল তখন বলেছিলেন:

"ফুটবলপ্রেমীরা ভালো করেই জানেন যে, নিজের প্রিয় দলের কোনো খেলোয়াড় লাল কার্ড পাওয়ার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। এটি ম্যাচের ফলাফল পরিবর্তন করতে না পারলেও, চরম হতাশার মুহূর্তে ভক্তদের মুখে কিছুটা সুস্বাদু হাসি ফুটিয়ে তুলতে পারবে।"

এই ফ্রি পিজা পাওয়ার প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় নয়। এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে:

  • কারা পাবেন: যেসকল গ্রাহক গত ১০ জুন রাত ১১:৫৯ মিনিটের মধ্যে ডমিনোজের নির্দিষ্ট ওয়েবসাইটে এই প্রমোশনের জন্য নাম নিবন্ধন করেছিলেন, কেবল তারাই এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

  • নির্বাচন প্রক্রিয়া: নিবন্ধিত গ্রাহকদের মধ্য থেকে লটারির (দৈবচয়ন) মাধ্যমে ৬০,০০০-এরও বেশি বিজয়ী নির্বাচন করা হবে।

  • পুরস্কার: প্রতিটি বিজয়ী একটি করে ফ্রি মিডিয়াম সাইজের টু-টপিং 'ইমার্জেন্সি পিজা' পাবেন, যা ডমিনোজের লয়্যালটি প্রোগ্রামের একটি অংশ।

  • সর্বশেষ সময়: বিজয়ীদের আগামী ২ আগস্ট, ২০২৬ সালের মধ্যে তাদের ফ্রি পিজা দাবি করতে হবে।

এই অফারের পাশাপাশি ফুটবল লাইফস্টাইল ব্র্যান্ড 'স্যাটারডেস ফুটবল'-এর সাথে যৌথ অংশীদারিত্বে জার্সি, ক্যাপ এবং স্লাইডসহ বেশ কিছু বিশেষ পণ্যও বাজারে এনেছে ডমিনোজ।