চট্টগ্রামে শিক্ষা বোর্ডে এইচএসসির পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১ হাজার ৩৪০ শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত পরীক্ষার্থীর হার এক দশমিক ৮১ শতাংশ।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ১১৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৩ হাজার ৮৬৩ জন। পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলাতেই অনুপস্থিতির সংখ্যা সর্বোচ্চ। জেলার ৬৮টি কেন্দ্রে মোট ৫৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬৪ জন পরীক্ষা দিতে আসেননি।

বোর্ডের অধীন অন্য জেলাগুলোর মধ্যে কক্সবাজারে ২০৯ জন, রাঙামাটিতে ৮৫ জন এবং বান্দরবানে ৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া খাগড়াছড়ি জেলায় মাত্র ৭ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেননি।

পরীক্ষার সার্বিক পরীক্ষা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সব কটি জেলাতেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। নকল নিয়ন্ত্রণে আমাদের টিম কাজ করছে। আমরা আশা করছি আগামী পরীক্ষাগুলোতেও এই ধারা বজায় থাকবে।